২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় স্বামীর ছোড়া অ্যাসিডে পুড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ায় যৌতুকের টাকা না পেয়ে স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ হওয়ার ২৮ দিন পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 09:10 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

নিহত পূর্ণিমা (২০) বগুড়া সদর উপজেলার মাটিডালী হাজীপাড়ার সুমনের স্ত্রী।

বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানিয়েছেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বছর আগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলোয়া চৌধুরীপাড়ার রবিউল ইসলামের মেয়ে পূর্ণিমার সঙ্গে সুমনের বিয়ে হয়।

“বিয়ের সময় পূর্ণিমার বাবা যৌতুক হিসেবে সুমনকে নগদ ৮০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকার আসবাবপত্র দেন। সম্প্রতি সুমন ব্যবসার জন্য শ্বশুরের কাছে আরও ১০ হাজার টাকা দাবি করেন।

“পূর্ণিমার বাবা টাকা দিতে রাজি না হওয়ায় সুমন ও তার মা সুলতানা বেগম প্রায়ই পূর্ণিমাকে মারধর করতো। ১ জানুয়ারি তারা দুজনে মিলে পূর্ণিমার মুখে অ্যাসিড ঢেলে দেয়। পরে ১২ জানুয়ারি পূর্নিমার বাবা বাদি হয়ে একটি মামলা করেন।”

এ ঘটনার পর থেকে সুমনের স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।