খালেদা-তারেককে খুশি করতে 'বিষোদগারে' বিএনপি নেতারা: কাদের
দলীয় কাউন্সিলকে সামনে রেখে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করার জন্য বিএনপি নেতারা বঙ্গবন্ধু সম্পর্কে বিষোদগার করছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে নোয়াখালীর চৌমুহনী বাজারে চার লেন সড়কের উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের বলেন, "বিএনপি নেতারা তাদের দলীয় কাউন্সিলকে সামনে রেখে খালেদা জিয়া ও তারেক জিয়াকে খুশি করার জন্য বঙ্গবন্ধু সম্পর্কে বিষোদগারের প্রতিযোগিতায় নেমেছে।
"তারা জানে যে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদগার করলে তাদের নেত্রী বেগম জিয়া ও তারেক জিয়া খুশি হবেন। তাই তারা একের পর এক বঙ্গবন্ধু সম্পর্কে বিষোদগার করে যাচ্ছে। "
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান একুশে অগাস্টের গ্রেনেড মামলাসহ কয়েকটি মামলা নিয়ে সাত বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে রয়েছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪ সাল জুড়ে বিভিন্ন সময়ে লন্ডনে প্রবাসীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও দেশে পাঠানো ভিডিও বার্তায় জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করেন তারেক।
সড়ক পরিবহনমন্ত্রী চার লেন সড়কের উদ্বোধনের পর চৌমুহনী পৌর মেয়র আখতার হোসেন ফয়সলের সভাপতিত্বে এক পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এতে ওবায়দুল কাদের বলেন, "দেশের জনগণ উন্নয়ন চায়। বর্তমান সরকার জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
"তাই পৌরসভা নির্বাচনের মতো আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচিনেও জনগণ আওয়ামীলীগের প্রার্থীকে নির্বাচিত করবে। কারণ উন্নয়ন যেদিকে দেশের জনগণও সেদিকে।"
পথসভায় অন্যদের মধ্যে বেগমগঞ্জের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বক্তব্য রাখেন।
