দুইশ শিক্ষার্থীর দুই শিক্ষক
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি বিদ্যালয়ে দুই শিক্ষক দিয়ে চলছে দুইশ শিক্ষার্থীর পাঠদান।
‘ঊমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের’ রয়েছে দুই দেবগ্রাম ও ছিকটিবাড়ী গ্রামে দুটি পৃথক ক্যাম্পাস। ব্যবস্থাপনা কমিটি নেই। এছাড়া রয়েছে এ বিদ্যালয় নিয়ে এ দুই গ্রামের মানুষের আইনি লড়াই।
সংশ্লিষ্টরা জানান, কিছুদিন আগে এই বিদ্যালয়টিতে তিনজন এমপিওভুক্ত শিক্ষক ছিলেন। এদের মধ্যে প্রধান শিক্ষক জাল শিক্ষা সনদ দেখিয়ে শিক্ষকতা করে আসছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে তিনি অনুপস্থিত রয়েছেন।
কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ছিকটিবাড়ী গ্রামে ১৯৬৮ সালে ঊমাচরণ সার্বজনীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
পরে শিক্ষাবোর্ডের অনুমোদন নিয়ে এখানে সহশিক্ষা চালু হয়। এরপর দেবগ্রামে চালু হয় ‘ঊমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়’।
বর্তমানে বিদ্যালয়টির দুই গ্রামে দুটি ক্যাম্পাস রয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে আইনি লড়াই চলার কারণে বিদ্যালয়টিতে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে বিদ্যালয়টির সাবেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এই বিদ্যালয়টি নিয়ে যে আইনি জটিলতা আছে তা আগামী ফেব্রুয়ারির মধ্যে মিটে যাবে।
স্থানীয় বিদ্যোৎসাহী দেবদুলাল বসু পল্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা হচ্ছে-বিদ্যালয়টির সকল কার্যক্রম দেবগ্রাম ক্যাম্পাস থেকে পরিচালিত হবে। কিন্তু ছিকটিবাড়ীর লোকজন সে নির্দেশনা মানছেন না।
নাম প্রকাশ না করা শর্তে বিদ্যালয়টির দুই ক্যাম্পাসের কয়েকজন অভিভাবক বলেন, দ্রুত আইনি নিষ্পত্তি না হলে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে না।
শিক্ষক নিয়োগ না দিলে ছেলেমেয়েদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়বে। তাই তারা শিগগিরই শিক্ষক নিয়োগের দাবি জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই এলাকার বিরোধের কারণে স্কুলটি ধ্বংস হতে বসেছে। বিদ্যালয়টিতে দুজন এমপিওভুক্ত শিক্ষক আছেন। তারা অবসরে গেলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যাবে।
দুপক্ষ মিলে একটি সমযোতায় যাওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
