২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৪ ঘণ্টা পর পূর্ব-পশ্চিম ট্রেন চলাচল শুরু

একতা এক্সপ্রেসের দুইবার দুর্ঘটনায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চল ও খুলনার রেল যোগাযোগ শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 01:45 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

শুক্রবার বেলা পৌনে ১টার দিকে রেল চলাচল শুরু হয় এবং আটকেপড়া সব ট্রেন গন্তব্যে ছেড়ে যায় বলে জানান জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম।

সকাল সাড়ে ৮টায় গাজীপুর সিটির মীরেরগাঁও এলাকায় বিকল হয় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি।

মেরামতের পর সোয়া ১০টা ছেড়ে যায় এবং সোয়া ১১টার দিকে ৫/৬ কিলোমিটার দূরে ট্রেনটি আবার বিকল হয়ে পড়ে।   

এ সময়ের মধ্যে জয়দেবপুর জংশনে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, টঙ্গী জংশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, মৌচাক স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, মির্জাপুর স্টেশনে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস এবং মহেরা স্টেশনে ঢাকাগামী চাঁপাই মেইল ট্রেন আটকা পড়ে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ও মৌচাক স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছলে ট্রেনের প্রথম শ্রেণির একটি বগির স্প্রিং ও পিন ভেঙ্গে দুই টুকরা হয়ে যায়।

“ওই অবস্থায় চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় গাজীপুরের সিটি করপোরেশনের মীরেরগাঁও এলাকায় ট্রেনটির থামানো হয়।”

তিনি বলেন, জয়দেবপুর থেকে উদ্ধারকারী দল গিয়ে ভেঙ্গে যাওয়া পিন ও স্প্রিং জোড়া লাগানোর পর সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে যায়।

“পরে ট্রেনটি জয়দেবপুর জংশনের লেভল ক্রসিং এলাকায় পৌঁছলে একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয় এবং ট্রেন চলাচল আবার বন্ধ হয়ে পড়ে।”

এ সময় জেলা শহরের একমাত্র লেভেলক্রসিং এলাকা দিয়ে অন্যান্যা যানবাহন চলাচলও বন্ধ হয়ে পড়ে বলে জানান তিনি।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, ইতোপূর্বে ট্রেনটির স্প্রিং ও পিন সারাই করতে ঢাকা থেকে আসা দলটি পরেরবার দুর্ঘটনায় পড়ার পর ট্রেনটি উদ্ধার করে।

পুরনো খবর:

এক ঘণ্টা পর ফের বিকল একতা এক্সপ্রেস
দুই ঘণ্টা পর পূর্ব-পশ্চিম ট্রেন চলাচল শুরু