৫ উপজেলায় সাব-রেজিস্ট্রার নেই, কুষ্টিয়ায় জমি কেনাবেচা স্থবির
কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রারের অভাবে জমি কেনাবেচা স্থবির হয়ে পড়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জেলা রেজিস্ট্রার শামীমা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুষ্টিয়ার ছয়টি উপজেলার সব কাজ প্রায় এক বছর ধরে করছিলেন দুইজন সাব-রেজিস্ট্রার।
“তাদের মধ্যে একজন গত ৭ জানুয়ারি বদলি হওয়ার পর থেকে এখন মাত্র একজন আছেন। তাকে আবার সপ্তায় তিন দিন মাগুরার কাজ করতে হয়। বাকি তিন দিন তিনি মিরপুর উপজেলার কাজ করেন।”
পরিস্থিতি উত্তরণের জন্য পদশূন্যতা পূরণ করতে মহাপরিদর্শক (নিবন্ধন) ও আইন সচিব বরাবর বারবার চাহিদাপত্র দেওয়ার পরও কোনো সাড়া পাননি বলেও তিনি অভিযোগ করেন।
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বারখাদা গ্রামের আজিম উদ্দিন আহমেদের অভিযোগ, দুই দিনের ছুটি নিয়ে এসেছিলেন বাড়ি করার জন্য বায়নাকৃত জমি নিবন্ধন করতে। সাব-রেজিস্ট্রার না থাকায় সেটা সম্ভব হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সদর উপজেলা সাব-রেজিস্ট্রার দপ্তরের দলিল লেখক নাসির উদ্দিন অভিযোগ করেন, “আমরা এখন হাত-পা গুটিয়ে বসে বসে চা খাচ্ছি আর পত্রিকা পড়ে দিন পার করছি। রেজিস্ট্রেশন না হলে কে আর দলিল লেখাবে?”
