গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনাস্থলে মানববন্ধন
গাজীপুরের পূবাইলে বয়লার বিস্ফোরণের ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেওয়াসহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকার কেন্দ্রীয় শ্রমিক নিরাপত্তা ফোরাম।
বুধবার দুপুরে ওই কারখানার সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের সেক্রেটারি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোটের সহসভাপতি আ. ওয়াহেদ, বাসদের গাজীপুর জেলা সমন্বয়ক রাহাত আহমেদ, আইন ও শালিস কেন্দ্রর প্রতিনিধি লিয়াকত আলী, গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর বজলুর রহমান বাছির প্রমুখ।
এ সময় তারা ‘হতাহতদের ক্ষতিপূরণ দাও, সুচিকিৎসা নিশ্চিত কর, দায়ী ব্যক্তিদের শাস্তি দাও, সকল শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত কর’ লেখা ব্যানার বহন করেন।
পরে তারা নিহত স্কুলশিক্ষিকা সিদ্দিকা জেবুন্নাহারের কর্মস্থল বারইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তার সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
শনিবার বিকেলে গাজীপুরের পূবাইলে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরিত হলে স্কুলশিক্ষিকাসহ পাঁচজন মারা যান। এতে গুরুতর দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই কারখানায় পুরনো টায়ার গলিয়ে জিআই তার বের করার পাশাপাশি এক ধরনের জ্বালানি তেল তৈরি করে বেচা হত।
বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ কারখানার দুটি বয়লার বিস্ফোরিত হলে সেখানে থাকা একটি ট্যাংক লরিতেও বিস্ফোরণ ঘটে।
এ সময় কারখানার টিনশেড ঘরের চাল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। কারখানার পাশের জয়দেবপুর-পূবাইল সড়কে থাকা একটি অটোরিকশায়ও আগুন ধরে। এতে অটোরিকশার যাত্রী স্কুলশিক্ষিকা জেবুন্নেসা ঘটনাস্থলেই মারা যান।
নিহত অন্য চারজন ওই কারখানার শ্রমিক ছিলেন।
