২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাকার জন্য প্রবাসীকে আটকে নির্যাতন’

যশোরে টাকা আদায়ের জন্য এক প্রবাসী যুবককে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে।

শিকদার খালিদ

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 02:00 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

নির্যাতনের শিকার মিকাইল হোসেন (৩০) যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গত ১০ জানুয়ারি তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন।

গত শুক্রবার যশোর সদর পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল আকতার প্রবাসী মিকাইলকে ফাঁড়িতে আটকে রেখে মারধর করেন বলে অভিযোগ মিকাইলের বাবা ইসমাইল হোসেনের।

ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর ১০ জানুয়ারি এক মাসের ছুটিতে মালয়েশিয়া থেকে দেশে আসেন মিকাইল।

“গত ২২ জানুয়ারি এএসআই বাবুল শহরতলীর পুলেরহাট বাজার থেকে মিকাইলকে ফাঁড়িতে ধরে নিয়ে যান।

“সেখানে মিকাইলের কাছে এক লাখ ২০ হাজার টাকা দাবি এবং তাকে মারধর করেন বাবুল।”

খবর পেয়ে তার (ইসমাইল) মেয়ে ফাতেমা পাঁচ হাজার টাকা বাবুলকে দিলেও নির্যাতন বন্ধ করেননি বলে অভিযোগ করেন ইসমাইল।  

ইসমাইল হোসেন আরও বলেন, এরপর যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আলী রেজা রাজুসহ সাংবাদিকদের বিষয়টি জানান তিনি।  

“সোমবার দুপুরে এএসআই বাবুল ১০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে অভিযোগে মিকাইলকে কোতোয়ালি থানায় নিয়ে একটি মামলা করেন।”

ওই মামলার বাদী করা হয় সদর ফাঁড়ির এসআই রফিকুল ইসলামকে। কিন্তু রফিকুল ইসলাম ওই সময় ঢাকায় থাকায় বাবুল তার (রফিকুল) স্বাক্ষর জাল করেন বলেও দাবি করেন ইসমাইল।

সোমবার সন্ধ্যায় যশোর ফিরে এসআই রফিকুল ইসলাম জানান, তার অনুপস্থিতিতে কী করে তার স্বাক্ষরে মামলা নথিভুক্ত হলো তা তিনি জানেন না। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

মামলার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি গনি মিয়া সাংবাদিকদের বলেন, “আপনারা বিষয়টি চেপে যান।”
এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আরিফুল হক বলেন, “মামলার বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি দেখছি।”

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আলী রেজা রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিকাইলের পরিবার আমার পরিচিত। বিদেশ থেকে এসেছে জেনে টাকার লোভে পুলিশ তার পিছনে লাগে।

“আমি বিষয়টি থানার ওসি গনি মিয়াকে জানিয়েছিলাম, কিন্তু সে সুবিচার করতে ব্যর্থ হয়েছে।”

এএসআই বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিকাইল একজন মাদক ব্যবসায়ী, তিনি তাকে মাদকদ্রব্য বিক্রি করতে দেখেছেন।