২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়ালের কামড়ে ভৈরবে শিশুসহ আহত ৯

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 10:06 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বুলবুল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকেল ৩টার দিকে গোছামারা, মধ্যেরচর, রাজাকাটা ও চানপুর গ্রামে শিয়ালের কামড়ে আহত ৯ জনকে ভর্তি করা হয়।

তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আহতরা হলেন জুনাঈদ মিয়া (১২), আজিম উদ্দিন (২), কাইউম মিয়া (১৩), ইমরান হোসেন (১৬), সোলায়মান গণি (২৭), মনিরা বেগম (২৫), মো. রহিম মিয়া (৮), ফুল মিয়া (২৮) ও মাহফুজ মিয়া (৯)।

শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে চানপুর গ্রামে হঠাৎ একটা শিয়াল এসে এক যুবককে কামড়ে দেয়।

“এ সময় স্থানীয়রা ধাওয়া করলে শিয়ালটি আতঙ্কিত হয়ে ছুটোছুটি করার সময় কয়েকজনকে কামড়ে জখম করে। ফলে এলাকাবাসী আরও উত্তেজিত হয়ে শিয়ালটিকে পিঠিয়ে হত্যা করে।”