গ্যাস সংকট: নারায়ণগঞ্জে বিএনপির ঘেরাওয়ের ডাক
জ্বালানি গ্যাস সংকট দ্রুত নিরসনের দাবিতে বৃহস্পতিবার তিতাস গ্যাস কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছে নারায়ণগঞ্জ শহর বিএনপি।
সোমবার দুপুরে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
শীতের শুরু থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়ও গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও চাপ এত কম চুলাও জ্বলে না।
গ্যাস সংকটে নারায়ণগঞ্জবাসীর ভোগান্তির কথা উল্লেখ করে এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মানুষ মূল্য পরিশোধ করেও পণ্য পাবে না, এটা প্রতারণামূলক ব্যবসা, এ ব্যবসা চলতে পারে না।’
এ পরিস্থিতির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার দুপুরে চাষাঢ়ার বালুর মাঠে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিস চত্বরে গণসমাবেশ ও ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
