২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ

গোপালগঞ্জের একটি স্কুলে টাকার বিনিময়ে সরকারি বিনামূল্যের বই বিতরণের অভিযোগ উঠেছে।

মনোজ সাহা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 03:28 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

কাশিয়ানী উপজেলার ‘রাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ এ ঘটনা ঘটে বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান।


এছাড়া স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বছরের বিভিন্ন সময় স্কুলের উন্নয়ন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করে তা আত্মসাৎ করেন বলেও অভিযোগ করেন তারা।

শনিবার সরেজমিনে বিদ্যালয়ে গেলে সংশ্লিষ্টরা এসব অভিযোগ করেন।  

স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী তাকুয়া, তৃতীয় শ্রেণির অভি ও শান্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, নতুন বই দেওয়ার সময় তাদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়েছেন স্যারেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, ২০০৫ সালে শহিদুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর থেকে প্রতি বছরই সরকারি বই বিতরণে টাকা আদায় করা হচ্ছে।

এছাড়া স্কুলের উন্নয়নের নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন সময় ৩০ থেকে ১০০ টাকা আদায় করে তা লোপাট করেন বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “সরকারি বইয়ের বিনিময়ে টাকা আদায় করা হয়নি। খেলাধুলার জন্য ৩০ টাকা, রিপোর্ট কার্ডের জন্য ১০ টাকা ও স্কাউটের জন্য ১০ টাকা করে মোট ৫০ টাকা প্রতি শিক্ষার্থীর কাছ থেকে বই বিতরণের আগে ও পরে নেওয়া হয়েছে।”

স্কুলের উন্নয়ন ফি বাবদ টাকা আদায়ের কথা অস্বীকার করে প্রধান শিক্ষক আরও বলেন, “আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। উচ্চ বিদ্যালয়গুলোতে এ রকম অনেক টাকা আদায় করা হয়, কিন্তু আমরা নিলেই দোষ।”

কাশিয়ানী উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাগর কুমার বিশ্বাস জানান, বই দিয়ে টাকা আদায়ের ব্যাপারে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

নিয়মের বাইরে গিয়ে কেউ অনৈতিকভাবে টাকা আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।