২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর নাম বিক্রি হচ্ছে: তথ্যমন্ত্রী          

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন সংগঠন খুলে ‘ব্যবসা’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 09:55 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

শনিবার ফেনীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুকে বিক্রি করে খাচ্ছে এক শ্রেণির মানুষ।

“আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হচ্ছে চারটি- ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এর বাইরে প্রজন্ম লীগ, সৈনিক লীগ, নৌকার নতুন প্রজন্মসহ যে সকল সংগঠনগুলো রয়েছে সেগুলো বঙ্গবন্ধুর নাম বিক্রি করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে।”

ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী বলেন, “জাতির পিতার (বঙ্গবন্ধু) ছবির চেয়ে পোস্টার-ফেস্টুনে দলীয় নেতাদের ছবি বড় করে দেওয়া হয়।”

পোস্টার-ব্যানার ও ফেস্টুনে ব্যবহারের ক্ষেত্রে জাতির জনকের ছবির মাপ কতটুকু হবে সে বিষয়ে কোনো আইন নেই বলেও আক্ষেপ করেন তিনি।

সাইবার অপরাধ রোধে অনলাইন নীতিমালা করা হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “আইন থাকলে সাংবাদিক ও পত্রিকার জন্য ভালো। পত্রিকার ডিক্লারেশন (অনুমতিপত্র) বাতিল করতে কষ্ট হবে।”

নীতিমালার যে সব বিষয়ে ভিন্নমত আছে আলোচনার মাধ্যমে সেগুলোর সুরাহা করা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় সাংবাদিক সমিতির নেতাবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা ছাড়াও জাসদের ফেনী জেলার সভাপতি সফিউদ্দিন আহমেদ বেলাল ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।