২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যাস হিস্টিরিয়া’ আতঙ্কে ফরিদপুরে ৫৭ স্কুল বন্ধ

দুইটি স্কুলে ‘ম্যাস হিস্টিরিয়া’ রোগে আক্রান্ত হয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার পর ফরিদপুর সদর উপজেলার ৫৭টি স্কুল দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 06:36 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

শনিবার থেকে সদর উপজেলার স্কুলগুলো দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মনদীপ ঘরাই জানান।

তিনি বলেন, “গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত  উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি ও খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ১০৩ জন শিক্ষার্থী স্কুল চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

“বিষয়টি জানতে পেরে রোগের কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি কমিটি করে প্রশাসন। কমিটির সদস্যরা আক্রান্ত কয়েকজন শিক্ষার্থীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং স্কুল দুটি পরিদর্শন করে এখন পর্যন্ত রোগের কারণ নির্ণয় করতে পারেনি।”

তাই সদর উপজেলার মোট ৫৭টি স্কুল শনি-রবি দুইদিন বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল বলেন, আরও পর্যবেক্ষণ ও সতর্কতার জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনি-রবিবার দুদিন স্কুলগুলোতে পাঠদান বন্ধ থাকবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস শুভ জানান, এটা গণ মনস্তাত্ত্বিক রোগ (ম্যাস সাইকোলজিক্যাল ডিজিজ) বলে মনে হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ রোগে আক্রান্ত হচ্ছে এবং তাদের বেশির ভাগ ছাত্রী।

“এ রোগের উপসর্গ হচ্ছে হঠাৎ কোনো একজন শিক্ষার্থীর শ্বাসকষ্ট হয়। তার দেখাদেখি আরেকজনও একই সমস্যায় ভোগে। এভাবে এ রোগ পুরো স্কুলে ছড়িয়ে পড়েছে।

এ রোগ গুরুতর কিছু নয়। কয়েক দিন গেলেই সব স্বাভাবিক হয়ে যেতে পারে।”

রোগের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) এস এম শাহীন বলেন, প্রাথমিকভাবে রোগের কারণ জানতে না পেরে আমরা সাময়িকভাবে দু/একদিন স্কুল বন্ধ রাখার সুপারিশ করেছি।

এছাড়া সংশ্লিষ্ট স্কুলগুলোর আশে-পাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

ফরিদপুরে ৭৭ ছাত্রী অসুস্থ