ফরিদপুরে ৭৭ ছাত্রী অসুস্থ
দুই দিনে ফরিদপুর সদরের একটি বিদ্যালয়ের ৭৭ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সময়ে অসুস্থ এসব ছাত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এদের কয়েকজন হলো সামান্তা, ফাতেমা, জিয়াসমিন, প্রিয়ন্তি, মাহিয়া, অন্তরা, তৃপ্তি, সামিয়া, ফারিয়া, জয়ন্তি, আশা, হাবিবা, লাবনী, উর্মী, সম্পা, ইয়াসমিন, তানিয়া ও পাপিয়া।
এরা সবাই শিবরামপুর আরডি একাডেমির ৭ম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক সুশান্ত কুমার ভৌমিক বলেন, সকাল থেকে অন্যান্য দিনের মতো স্বাভাবিক ভাবে স্কুলের কার্যক্রম চলছিল।
“সোমবার ৫ম পিরিয়ডের পর হঠাৎ শ্রেণিকক্ষে রিতু সাহা নামের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা দিতে দিতেই সামিয়া নামের আরেক ছাত্রী অসুস্থ হয়ে যায়।”
এরপর একে একে ক্লাসের ৩৭ জন ছাত্রী একইভাবে অসুস্থ হয় এবং তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, সকলে অসুস্থ হয়ে পড়তে পারে এমন আশংকায় সবাইকে শ্রেণিকক্ষ থেকে বের করে স্কুল মাঠে নিয়ে আসা হয়। ততক্ষণে আরও ৩০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
“শ্বাসকষ্টের কথা জানালে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
মঙ্গলবার দুপুর পর্যন্ত আরও ৪০ জনকে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শাওন বলেন, এটি একধরনের রোগ, যেখানে একজন অসুস্থ হলে তার দেখাদেখি অন্যরাও অসুস্থ হয়ে পড়ে।
“হাসপাতালে ওই ছাত্রীদের চিকিৎসা দেওয়া হয়েছে। সকলেই আশাংকামুক্ত। তবে তাদের পর্যবেক্ষনের রাখতে হবে।”
অসুস্থ সামিয়া জানায়, বাড়ি থেকে টিফিন না নেওয়ায় সোমবার দুপুরে স্কুলের পাশের একটি দোকান থেকে পুরি কিনে খায় সে। পুরি খাওয়ার কিছুক্ষণ পর ক্লাস শুরু হলে তার মাথা ঘুরতে থাকে। এরপর শ্বাসকষ্ট দেখা দেয় এবং এক পর্যায়ে ক্লাসের মধে সে অজ্ঞান হয়ে পড়ে।
