২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওই ‘তলাবিহীন ঝুড়ি’তে এখন বিদেশি মুদ্রা উপচে পড়ছে: গভর্নর

প্রবাসীদের রেমিটেন্স ও খাদ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতিতে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, বাংলাদেশ এখন আর ‘তলাবিহীন ঝুড়ি’ নয়; বরং ওই ঝুড়ি এখন খাদ্য ও বিদেশি মুদ্রায় পরিপূর্ণ হয়ে উপচে পড়ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

শুক্রবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের হীরক জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, "প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির অন্যতম ভরসা হয়ে উঠেছে। বর্তমানে বিশ্বের দেড় শতাধিক দেশে কর্মরত প্রায় ৯৫ লাখ প্রবাসী বছরে রেমিট্যান্স পাঠাচ্ছেন ১৫ বিলিয়ন ডলারের বেশি।"

রেমিট্যান্স আহরণে বাংলাদেশ এখন বিশ্বে সপ্তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানান আতিউর রহমান।

কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নর বলেন, "স্বাধীন হওয়ার পর মাত্র সাত কোটি মানুষের খাদ্যের জন্য বাংলাদেশকে বিদেশে হাত পাততে হতো। এখন আর সেই পরিস্থিতি নেই। বর্তমানে বছরে তিন কোটি ৮৪ লাখ টন খাদ্য উৎপাদন হচ্ছে।

"বাংলাদেশ এখন আর ‘তলাবিহীন ঝুড়ি’ নয়; বরং বাংলাদেশের ওই ঝুড়ি এখন খাদ্য ও বিদেশি মুদ্রায় পরিপূর্ণ হয়ে উপচে পড়ছে।"

একাত্তরে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে রাস্তাঘাটসহ নানা ধরনের অবকাঠামো সমস্যা ছাড়াও পর্যাপ্ত খাদ্য উৎপাদন না থাকায় দুর্ভিক্ষের মুখোমুখিও হয় বাংলাদেশ।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে 'তলাবিহীন ঝুড়ি' বলে আখ্যায়িত করেছিলেন।

এ অবস্থা থেকে খাদ্য উৎপাদন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে দেশটি। বাংলাদেশ ২০১৫ সালের অক্টোবরে প্রথমবারের মতো সর্বোচ্চ ২৭ বিলিয়ন ডলার রিজার্ভের মাইলফলক স্পর্শ করে। সর্বশেষ বৃহস্পতিবার রিজার্ভ আবারও ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

রিজার্ভ বাড়ার পেছনে দেশের রপ্তানি বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অবদান রয়েছে বিশেষভাবে। ২০১৪-১৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১৫ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেও রেমিটেন্সের এই ধারা অব্যাহত রয়েছে। এই ছয় মাসে সাড়ে ৭ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা,যা গত অর্থবছরের একই সময়ের প্রায় সমান।

সম্মেলনে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ফজলে হোসেন বাদশা বলেন, ‘অর্থনৈতিক শক্তি এখন আর কোনো দেশের কুক্ষিগত নয়-এটা বিভক্ত হয়ে পড়েছে। তাই চাইলেই এখন একটি দেশ অন্য কোনো দেশের ওপর অর্থনীতির দাপট দেখাতে পারবে না। পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে আর সেটা খুব দ্রুত।"

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী।

এতে অতিথি হিসেবে গভর্নর আতিউর ও সাংসদ বাদশা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা, অর্থনীতিবিদ গবেষক ড. মোস্তফা কামাল মুজেরী ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

সম্মেলনের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে দিয়ে বরণ করে নেওয়া হয়।

পুরনো খবর:

ফের ২৭ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ
ছয় মাসে সাড়ে ৭ বিলিয়ন ডলার রেমিটেন্স
১৫ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিটেন্স