ছয় মাসে সাড়ে ৭ বিলিয়ন ডলার রেমিটেন্স
ছয় মাসে সাড়ে ৭ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের প্রায় সমান।
এছাড়া ডিসেম্বর মাসে ১৩১ কোটি ডলার রেমিটেন্স এসেছে। অবশ্য এটি গত বছরের ডিসেম্বরের চেয়ে ২ দশমিক ৫৭ শতাংশ বেশি।
সোমবার বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে ৭৪৮ কোটি ৩০ লাখ (৭ দশমিক ৪৮ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।
এই অঙ্ক ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে দশমিক ০৬ শতাংশ কম।
সর্বশেষ ডিসেম্বর মাসে ১৩০ কোটি ৭৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের ডিসেম্বরের চেয়ে ২ দশমিক ৫৭ শতাংশ বেশি।
অর্থবছরের বাকি ছয় মাসে রেমিটেন্স বাড়বে পূর্বাভাস দিয়ে ছাইদুর রহমান বলেন, “আমাদের প্রত্যাশা এবার ১৬ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছুবে।”
২০১৪-১৫ অর্থবছরে ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছিল।
এর আগে ২০১৩-১৪ অর্থবছরে এসেছিল ১৪ দশমিক ২৩ বিলিয়ন ডলার।
রিজার্ভ ২৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার
রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারার কারণে সোমবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ২৭ দশমিক ৪৭ বিলিয়ন (দুই হাজার ৭৪৭ কোটি) ডলার।
এই অঙ্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
২০১৫-১৬ অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৭১ শতাংশ।
