ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর গলায় ফাঁস, ভাসুর আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর মৃত্যুর পর তার ভাসুরকে জিজ্ঞসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বিলকিছ বেগম (২৪) নামের ওই নারী উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের সোলেমান মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে বিলকিছ গলায় ফাঁস দেন বলে তার শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছে। তবে ঘটনার পর থেকে সোলেমান পলাতক।
ভোরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিলকিছের মৃত্যু হওয়ার পর তার ভাসুর আমির আলীকে (৪৫) জিজ্ঞসাবাদের জন্য আটক করে পুলিশ।
“পরিবারের লোকজন বলছে, তারা ফাঁস দেওয়ার বিষয়টি টের পেয়ে বিলকিছকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন- সে বিষয়ে কোনো সদুত্তর ওই পরিবার দিতে পারেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সহকারী পুলিশ সুপার বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড- তা আমরা খতিয়ে দেখছি।”
