রাজশাহীতে ব্যাংক কর্মকর্তা অপহরণের অভিযোগে মামলা
রাজশাহীতে বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার তার বাবা আফছার উদ্দিন আহমেদ বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মামলাটি করেছেন বলে জানান বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান।
অপহৃত আক্তারুজ্জামান কচি এক্সিম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট। তবে তিনি সাময়িক বরখাস্ত।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, বেলা দেড়টার দিকে আক্তারুজ্জামান নগরীর নিউ মার্কেটের পশ্চিম সুলতানাবাদ এলাকায় নন্দিতা প্রিন্টিং প্রেসে বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি সাদা মাইক্রোবাসে করে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে চলে যায়।
“তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তবে সর্বশেষ তার ফোন নম্বরের অবস্থান রাজশাহী রেল স্টেশন এলাকায় পাওয়া গেছে।”
রাজশাহী এক্সিম ব্যাংকের সহকারী প্রেসিডেন্ট নুরুল হাবিব বলেন, ৬/৭ মাস আগে রাজশাহী শাখা থেকে আক্তারুজ্জামানকে আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় তিনি সাময়িক বরখাস্ত হন। এরপর তিনি এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরসহ (এমডি) নয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বিচারাধীন রয়েছে।
বিকেলে আক্তারুজ্জামানের বড় ভাই আব্দুল মতিন ফোন করে অপহরণের বিষয়টি তাদের জানিয়েছেন বলে জানান নুরুল হাবিব।
