২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্ত ছিটমহলের জমির নকশা-মালিকানার তথ্য হস্তান্তর

কুড়িগ্রামে সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর ভূমির কলমি নকশা ও মালিকানার হাল তথ্য হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিলের হাতে অনুষ্ঠানিকভাবে এগুলো হস্তান্তর করেন ভূমি সচিব মেছবাহ উল আলম।

মেছবাহ উল আলম বলেন, বিলুপ্ত ছিটমহলে বসবাসকারীদের জমির মালিকানার কোনো কাগজপত্র না থাকায় তাদের মালিকানা নিশ্চিত এবং ভোগান্তি দূর করতে সরকার প্রাক জরিপ শেষে ডিজিটাল পদ্ধতির সাহায্যে চুড়ান্ত জরিপ ও ম্যাপ তৈরির কাজ শুরু করেছে।

ছিটমহল বিনিময়ের পর কুড়িগ্রামের ১২টি ছিটে প্রাক জরিপ করে ভূমি মন্ত্রণালয় ও জরিপ অধিদপ্তর।

প্রাক জরিপে নিয়োজিত রাজাহাট উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো আজাহার আলী বলেন, কুড়িগ্রামের তিনটি উপজেলার ১২টি বিলুপ্ত ছিটমহলের ভূমির প্রাক জরিপের তথ্য রয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের লক্ষ্মীকান্ত মৌজার ডাকুরহাট ডাকনির কুঠির প্রায় ১৪ একর জমির কোনো মালিক পাওয়া যায়নি।

“সিএস ও এসএ রেকর্ড মোতাবেক ছিট নম্বর ১৬৬ ও রাজ্য কোচবিহার হিসাবে অন্তর্ভূক্ত, জমির পরিমাণ ছিল ১৪ দশমিক ২৭০ একর। কিন্তু আরএস রেকর্ডে এটিকে গাইবান্ধার অন্তর্গত করে জমির পরিমাণ দেখানো হয় ১৩ দশমিক ৪৮০ একর।”

ইতোমধ্যে ওই ভুল সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।