প্রতিমন্ত্রী পলকসহ ২১ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২১ জনের প্রাণনাশের হুমকি দিয়ে ‘আনসারুল্লাহ বাংলা টিম-১১’ এর নামে নাটোর প্রেসক্লাবে চিঠি পাঠানো হয়েছে।
নাটোরের আরও দুজন সংসদ সদস্য এবং কয়েকজন সাংবাদিক ও আইনজীবীর নামও রয়েছে ওই তালিকায়। সেখানে তাদের ‘ধর্মবিদ্বেষী’ আখ্যায়িত করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকারের নামে একটি ‘হলুদ খামে’ ডাকযোগে ওই চিঠি পৌঁছায় বলে সভাপতি রেজাউল করিম রেজা জানান।
সাধারণ সম্পাদক দুলাল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুমকির চিঠি পাওয়ার কথা জানিয়ে তিনি ইতোমধ্যে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আর নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী সাহাবুদ্দিন বলেন, “আতঙ্ক ছড়ানোর জন্য কোনো মহল এই ধরনের চিঠি পাঠিয়েছে। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।”
চিঠিতে বলা হয়, রাজশাহী বিভাগের নাটোর জেলায় প্রথম আঘাতেই যাদের ‘নিশ্চিহ্ন করা হবে’ তাদের ‘প্রাথমিক তালিকা’ এটি।
নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের মো. আবুল কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্ত্তুজা, সাংগঠনিক সম্পাদক মালেক শেখের নাম রাখা হয়েছে এই তালিকার শুরুতেই।
“স্বল্প সময়ে আর একটি তালিকা দেওয়া হবে,” বলা হয়েছে চিঠিতে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী পলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জঙ্গি সংগঠনের হুমকি হালকাভাবে নেওয়ার কিছু নেই। আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।”
সাংসদ মো. আবুল কালাম বলেন, তিনি নিজে হুমকির কোনো চিঠি পাননি।
“প্রচারের জন্য কোনো জঙ্গি সংগঠন এ কাজ করে থাকতে পারে।”
বছর তিনেক আগে দেশের লেখক, ব্লগারসহ মুক্তমতের পক্ষের ব্যক্তিদের ওপর উগ্রপন্থিদের হামলা শুরুর পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের নামে বিবৃতি পাঠিয়ে এরকম হুমকি দেওয়া ঘটনা ঘটছে।
গতবছর মাঝামাঝি সময়ে বিদেশি হত্যা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কয়েকটি হামলার ঘটনার পর হুমকির বিষয়টি নতুন মাত্রা পায়। বেশ কয়েকজন লেখক, শিক্ষক এবং খ্রিস্টান পাদ্রি ও হিন্দু পুরোহিতরাও জঙ্গি দলের নামে পাঠানো এ ধরনের হুমকির চিঠি পান।
গতবছর ৩০ নভেম্বর আনসার আল ইসলামের নামে চিঠি পাঠিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মিজানউদ্দিন, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহারসহ আট ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়।
