শিশুকে বিক্রির পর ‘চুরির নাটক’
ফেনী সদর হাসপাতালের কম্পাউন্ড থেকে ‘শিশু চুরি’র ঘটনাটি সাজানো নাটক ছিল বলে জানতে পেরে একজনকে আটক করেছে পুলিশ।
আটক মো. সেলিম ছাগলনাইয়া উপজেলার শান্তিহাট এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার রেজাউল হক বুধবার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ছাগলনাইয়ার মধ্যশিলুয়া গ্রামের হোটেল ব্যবসায়ী জসিম উদ্দিনের স্ত্রী মোহসেনা বেগম গত সোমবার দুপুরে ফেনী জেলা সদর হাসপাতাল কম্পাউন্ডের বহির্বিভাগ থেকে তার আট মাসের শিশু মেহেদি হাসান পাচার হয়েছে বলে মামলা করেন।
“তবে অনুসন্ধানে জানা গেছে, শিশু মেহেদিকে তার মা মোহসেনা শিশুর বাবার অনুপস্থিতে পেট্রল পাম্প কর্মী মো. সেলিমের কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে দত্তক দেন।
“সেলিম তাকে প্রথম কিস্তির ৫ হাজার টাকা পরিশোধও করেন।”
মোহসেনা মামলা করার পর একেক সময় একেক রকম তথ্য দেওয়ায় পুলিশ তার মোবাইল ফোনের কথোপকথনের সূত্র ধরে সেলিমকে আটক ও শিশু মেহেদিকে উদ্ধার করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
