২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়াকাণ্ডে গ্রেপ্তার আরও ৪

ব্রাহ্মণবাড়িয়া শহরে সহিংসতায় সদর উপজেলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 08:33 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল শহরের কান্দিপাড়ার জুম্মান মিয়া (২৫), শিমরাইল কান্দির আদিল মিয়া (২৪), মুন্সেফপাড়ার পলাশ (৩০) ও  পূর্ব পাইক পাড়ার জহির উদ্দিন (২৮)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মাঈনুর রহমান জানান, গত সোমবার শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা চালানো হয়। এই ঘটনায় থানায় প্রায় ১২ টি মামলা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে যুবদল ও বিএনপির কর্মী সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

“এদের মধ্যে জুম্মান ও আদিল যুবদলের কর্মী এবং পলাশ ও জহির বিএনপির কর্মী।”

এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাড়ালো ৮জন। এ পর্যন্ত কোন মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মোবাইল কিনতে গিয়ে মাদ্রাসাছাত্রের সঙ্গে দোকানীর বিতণ্ডা থেকে সংহিংসতার সূত্রপাত হয়। এতে মাদ্রাসা ছাত্র মো. মাসুদুর রহমান নিহত হন।

মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাঙ্কের পাড়সহ বিভিন্ন স্থানে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের ব্যাংক এশিয়া, জেলা শিল্পকলা একাডেমী, জেলা আওয়ামী লীগ অফিস, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনে ভাংচুর ও আগুন দেয়। বিক্ষুব্দরা ওস্তাদ আলাউদ্দিন খার স্মৃতি বিজড়িত বিভিন্ন বাদ্যযন্ত্রও পুড়িয়ে দেওয়া হয়।

এই ঘটনায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সদর মডেল থানায় ১২টি এবং রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।