প্রধানমন্ত্রীর সিলেট সফর বৃহস্পতিবার
কয়েকটি প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ১১টায় তার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির এ সফরকে ঘিরে পুরো সিলেট নগরী নতুন সাজে সেজেছে।
নগরীর বিভিন্ন সড়কে সংস্কার কাজ করা হয়েছে। বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন কাজও করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাগানো হয়েছে শোভাবর্ধনকারী ফুল গাছ।
সিলেট সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সিলেট সফরকালে প্রধানমন্ত্রী ১০টি প্রকল্পের উদ্বোধন ও ১২ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এর আগে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেট ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দিতে সিলেট সফর করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সফরসূচি জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছানোর পর ওইদিন সকাল ১১টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে হযরত শাহজালালের মাজার জিয়ারত এবং সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সিলেট মদন মহন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এবং মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তিতে ‘হীরক জয়ন্তী’ উৎসবে যোগ দেবেন।
বেলা ২টা ৩৫ মিনিটে আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, এপিবিএন ব্যারাক ভবন, ওসমানীনগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল ভবন, ৩০ শয্যাবিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন।
এছাড়াও সিলেট আউটার স্টেডিয়াম, খসরুপুর বাজার জিসি-পৈলনপুর-বালাগঞ্জ জিসি সড়ক উন্নয়ন, হরিপুর জিসি-গাছবাড়ী জিসি সড়ক (কানাইঘাট অংশ) উন্নয়ন, মৈয়াখালী বাজার-আর অ্যান্ড সুইচ (বারোহাল ইউপি অফিস) ভায়া হাটুবিল মাদ্রাসা সড়ক উন্নয়ন, নারী পুলিশ ডরমেটরি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, শাহপরাণ থানা ভবন নির্মাণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় ও জেলা অফিস নির্মাণ, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন নির্মাণ, তামাবিল স্থলবন্দর নির্মাণ, হযরত গাজী বোরহান উদ্দিন মাজার, তিন তলা ভিত্তি বিশিষ্ট মসজিদ, মহিলা এবাদতখানা ও সংযোগ সড়ক নির্মাণ কাজ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেট বিভাগ এবং সিভিল সার্জন সিলেট এর কার্যালয় ভবন নির্মাণ ও সিলেট ইলেকট্রনিক সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
দুপুর ২টা ৫০ মিনিটে সিলেট আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ইতিমধ্যে নগরীর আলিয়া মাদ্রসা মাঠ ও মদনমোহন কলেজের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সিলেট সফরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফরকে ঘিরে সিলেটজুড়ে নেওয়া হয় ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
