২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগকর্মী খুন

সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে সিলেটে সরকার সমর্থক ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 02:03 AM

Updated : 20 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার দুপুরে হামলায় আহত হওয়ার পর রাত পৌনে ১২টায় মাউন্ট অ্যাডোরা হাসপাতালে হাবিবুর রহমান হাবিব নামের ওই ছাত্রলীগকর্মীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসছেন। তার ঠিক একদিন আগে এই হত্যাকাণ্ড ঘটালো ছাত্রলীগ।

নিহত হাবিব ব্রাহ্মণবাড়িয়া জেলার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, দুপুরে নগরীর শামীমাবাদ এলাকায় নিজ দলের কর্মীদের হামলায় আহত হন হাবিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

“পরে তাকে মাউন্ট অ্যাডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত পৌনে ১২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিব মারা যান।”

সহপাঠিরা জানান, সিলেট নগরীর কানিশাইল এলাকায় একটি মেসে থাকতেন হাবিব।

দীর্ঘ দিন থেকে শামীমাবাদের ছাত্রলীগ নেতা সাগরের সঙ্গে থাকতেন তিনি।

“কিন্তু কয়েক দিন আগে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্রুপের চলে যায় হাবিব। এ কারণেই সাগর অনুসারীরা তার উপর হামলা চালায়,” বলেন হাবিবের এক বন্ধু।

ওসি সুহেল আহমদ জানান, হাবিবেব মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।