‘পাল আমলের নিদর্শন’ নীলফামারীতে
নীলফামারীর জলঢাকা উপজেলার গড়ধর্মপাল ইউনিয়নের পূর্ব খেরকাটিতে ‘পালবংশের’ নিদর্শন পেয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
মঙ্গলবার ইটের পর ইট সাজানো একটি স্থাপত্যের অংশবিশেষ প্রমাণরূপে দৃশ্যমান হয়। বার্ষিক কর্মসূচির আওতায় এখানে ১ জানুয়ারি অনুসন্ধান শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
অনুসন্ধান দলের সদস্য ও মহাস্থান গড় জাদুঘরের সহ-কাস্টডিয়ান এসএম হাসানাত বিন ইসলাম সাংবাদিকদের বলেন, ১৯৯০ সালে এখানে প্রথমবারের মতো খনন করা হয়।
“সে সময় দক্ষিণ বাহুর কয়েকটি স্থানে ৮-১০ ফুট গভীরে খনন করা হয়েছিল। তখন কোনো স্থাপনার কাঠামো স্পষ্ট প্রকাশ পায়নি। এ বছর আবার অনুসন্ধান চালিয়ে আমরা পাল বংশের এই নিদর্শনের সন্ধান পাই।”
বড় একটি এলাকায় অনুসন্ধান চলছে জানিয়ে তিনি বলেন, আরও অনেক কিছু পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক নাহিদ সুলতানার নেতৃত্বে সাত সদস্যের একটি দল খেরকাটিতে অনুসন্ধান চালাচ্ছে।
দলের অন্য সদস্যরা হলেন মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টডিয়ান মুজিবুর রহমান, সহ-কাস্টডিয়ান, রংপুর জাদুঘর কাস্টডিয়ান আবুসাইদ ইনাম তানভিরুল, রাজশাহী বিভাগের সিনিয়র ড্রাফটসম্যান আফজাল হোসেন, রাজশাহী বিভাগের আলোকচিত্রকর আবুল কালাম আজাদ ও সার্ভেয়ার লোকমান হোসেন।
প্রত্ননিদর্শনের খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে কৌতূহলী লোকজন ছুটে আসছে খেরকাটিতে।
স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানসহ অনেকেই খননকাজ পরিদর্শন করেছেন।
ভিড় সামলাতে খনন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউনিয়নের নাম গড়ধর্মপাল সম্পর্কে এলাকার ইতিহাস গবেষক অবসরপ্রাপ্ত অধ্যাপক এজিএম নোমান বলেন, “৭৫০ খ্রিস্টাব্দে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের মৃত্যুর পর তার ছেলে ধর্মপাল শত্রুর হাত থেকে রক্ষার জন্য মাটির প্রাচীর দিয়ে গড় (দুর্গ) বানান। সেই থেকে স্থানটির নাম হয় গড়ধর্মপাল।”
তবে এলাকার মানুষ অন্য রকম মনে করে বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
“এলাকার মানুষের ধারণা, প্রায় ১২০০ বছর আগে বৌদ্ধধর্ম ও সনাতন ধর্মীয় পুরোহিতরা এই স্থাপনা নির্মাণ করেছিলেন।”
