২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ খুন: গ্রেপ্তার নাজমা রিমান্ডে

নারায়ণগঞ্জে দুই শিশুসহ পাঁচ খুনের ঘটনায় শরীয়তপুর থেকে গ্রেপ্তার নাজমা বেগমকে  জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 03:07 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আশেক ইমাম এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান।

তিনি জানান, নাজমাকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানায় গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

মঙ্গলবার ভোরে ডামুড্যা উপজেলার সেদেলকুড়া থেকে নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এ হত্যাকাণ্ডে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের ভাগিনা মাহফুজকেও গ্রেপ্তার করা হয়েছে।            

এর আগে মাহফুজকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, অপরাধের ধরন ও পারিপার্শিকতা বিবেচনায় রয়েছে। বাদীর অভিযোগের ভিত্তিতে মাহফুজকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বাদীর এজাহারে নাম থাকায় নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

“আমরা প্রতিটি বিষয় খতিয়ে দেখছি। প্রকৃত রহস্য উদঘাটনে আমাদের আরও কিছুদিন সময় লাগবে। আমরা কাজ করে যাচ্ছি।”

গত শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর বাবুরাইল এলাকায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বাসার তালা ভেঙে তার স্ত্রী তাসলিমা বেগম (৪০), ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), শ্যালক মোরশেদুল (২৫) ও ছোটভাই শরীফের স্ত্রী লামিয়ার (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা  জানান, তাদেরকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

তাসলিমার স্বামী শফিকুল রোববার অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

তবে মামলায় তাসলিমার কাছে ঢাকার কলাবাগান এলাকার নাজমা, শাহজাহানসহ কয়েকজন প্রায় ১২ লাখ টাকা পেতেন, যা মাসিক চক্র বৃদ্ধি হারের সুদে নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন বাদী।

প্রথমে সদর মডেল থানার এসআই হামিদুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও পরে তা গোয়েন্দা পুলিশের ওপর বর্তায়।

পুরনো খবর:

পাঁচ খুন: ‘পাওনাদার’ এক নারী গ্রেপ্তার