২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেলে ২২৬ কর্মচারীর নিয়োগ স্থগিত

নিয়োগে অনিয়মের অভিযোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দুই শতাধিক কর্মচারীর নিয়োগ স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 02:26 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার সকাল ১০টায় এ সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতাল পরিচালকের ব্যক্তিগত সহকারী আব্দুল নান্নান।

এর আগে সোমবার এই অনিয়মের অভিযোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকসহ তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এদিকে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করায় পুলিশ ফয়সাল ও কাওসার গাজী নামে দুইজনকে আটক করেছে।

আব্দুল নান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমারা মন্ত্রণালয় থেকে যে ফ্যাক্স বার্তা পেয়েছি তাতে বলা হয়েছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের প্রমাণ মেলায় ২২৬ কর্মচারীর নিয়োগপত্রের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

“একই সঙ্গে তাদের কোনো ধরনের আর্থিক সুবিধা না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।”

আব্দুল নান্নান বলেন, নিয়োগ স্থগিতের খবর পাওয়ার পর হাসপাতালের প্রধান গেট আটকে রেখে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা বিক্ষোভ করেছেন।

“পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে দুইজনকে আটক করে।”

এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফয়সাল ও কাওসারকে আটক করা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় সোমবার সাময়িক বরখাস্ত হন হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. নিজামউদ্দিন ফারুক, উপ-পরিচালক মো. সহিদুল ইসলাম হাওলাদার এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল জলিল।

পুরনো খবর:

নিয়োগে অনিয়ম: বরিশাল মেডিকেলের পরিচালক বরখাস্ত