নিয়োগে অনিয়ম: বরিশাল মেডিকেলের পরিচালক বরখাস্ত
কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকসহ তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- কর্মচারী নিয়োগ কমিটির সভাপতি ও হাসপাতালে পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. নিজামউদ্দিন ফারুক, সদস্য সচিব ও হাসপাতালের উপ-পরিচালক মো. সহিদুল ইসলাম হাওলাদার এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল জলিল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতালে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় নিজামউদ্দিন ফারুককে সাময়িক বরখাস্ত করা হল।
উপ-সচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপ-পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
এ ব্যাপারে জানতে নিজামউদ্দিন ফারুকের মোবাইল ফোনে কল করে তা বন্ধ পাওযা যায়।
গত ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ২২৬ জনকে নিয়োগ দেওয়া হয়।
