গাজীপুরে ডাকাতি, ব্যবসায়ীকে কুপিয়ে জখম
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক পোল্ট্রি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা গৃহকর্তাকে কুপিয়ে আহত করেছে।
সোমবার গভীর রাতের এ ঘটনায় আহত ইকবাল হোসেন খানকে (৪৮) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইকবাল হোসেনের ভাই গোলজার হোসেন জানান, রাত আড়াইটার দিকে ২০/২৫ জনের এক দল ডাকাত কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামে ইকবালের বাড়িতে হানা দেয়।
পরে ডাকাত দল বাড়িতে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা, ১০/১২ ভড়ি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায় বলে জানান গোলজার।
তিনি জানান, প্রতিবেশীরা গুরুতর আহত ইকবালকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, পরে সেখান থেকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর প্রকৃত ঘটনা বলা যাবে।
