গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষিত, গ্রেপ্তার ২
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের দড়ি তাজপুর গ্রাম থেকে ওই দুইজনকে আটক করা হয় বলে জানান সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ রুবেল।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে ছামিরুল ইসলাম (২০) ও সবুজ মিয়ার ছেলে কাকন (২৫)।
মামলার বরাত দিয়ে এসআই রুবেল বলেন, শনিবার রাতে ঘরের বাইরে টয়লেটে গেলে কাকনের সহযোগিতায় ছামিরুল তার মুখ চেপে ধরে বাড়ির পাশে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির আর্তচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
“এ ঘটনায় ওই রাতেই মেয়েটি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। মামলার পর সোমবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আর বিকালে ছামিরুল ও কাকনকে গ্রেপ্তার করে পুলিশ।”
