‘ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে আঘাত স্বাধীনতার উপর আঘাত’
ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে আঘাতকে স্বাধীনতার উপর আঘাত বলে বক্তব্য দিয়েছেন সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু।
ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার বিষয়ে সোমবার দুপুরে বাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় বাচ্চু এই বক্তব্য দেন।
তিনি বলেন, “গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে যে আঘাত এসেছে এটি মুক্তিযুদ্ধের উপর আঘাত, স্বাধীনতার উপর আঘাত।
“সংস্কৃতি যেহেতু সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করতে পারে, তাই পরিকল্পিতভাবে সেদিন সাংস্কৃতিক অঙ্গনে হামলা করা হয়েছে।”
ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাছান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা মৌলবাদ ও সকল অপশক্তির বিরুদ্ধে সংস্কৃতিকর্মীদের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
