গাজীপুরে পাওয়া ‘টাইম বোমায়’ বিস্ফোরকই ছিল না
বিশ্ব ইজতেমা চলার মধ্যে গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকার বালুরমাঠে ‘টাইম বোমা’ ভেবে যে বস্তুগুলো উদ্ধার করেছিল পুলিশ, পরীক্ষা করে তার মধ্যে কোনো বিস্ফোরকই পাওয়া যায়নি।
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে ৫ কিলোমিটার দূরে বালুরমাঠে রোববার ভোরে ঘড়ি লাগানো, তার প্যাঁচানো বোমাসদৃশ পাঁচটি বস্তু পেয়েছিল পুলিশ।
এরপর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের পাশে মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ‘টাইম বোমা ও রিমোট কন্ট্রোল’ উদ্ধারের খবর জানিয়েছিলেন গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ।
জয়দেবপুর থানা পুলিশ ওই বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর দেওয়া হয় বিস্ফোরক বিশেষজ্ঞদের।
পরীক্ষার পর বিকালে পুলিশ সুপার হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমের জিজ্ঞাসায় বলেন, “টাইম বোমার সব আলামত থাকলেও বোম্ব এক্সপার্ট দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, ওগুলো টাইম বোমা নয়। এমনকি ভেতরে কোনো বিস্ফোরকও নেই।”
বস্তুগুলো পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সুপার বলেন, বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য একটি গোষ্ঠী বোমাসদৃশ ওইসব বস্তু ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে।
