বন কর্মকর্তার বিরুদ্ধে বাগান উজাড়ে সহায়তার অভিযোগ
সরকারি বাগান উজাড় ও সেগুন গাছ পাচারে সহযোগিতার অভিযোগ উঠেছে বান্দরবানের রুমা রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, বন বিভাগের সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে অবাধে সরকারি সেগুন গাছ কাটা চলছে।
তাদের দাবি, রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হক গত বছর রুমা রেঞ্জে যোগদানের পর এখনও কর্মস্থলে আসেননি। জেলা সদরে অবস্থান করে চালাচ্ছেন রুমা রেঞ্জ অফিস।
শনিবার সকালে রুমা রেঞ্জ অফিসে সরেজমিনে গিয়ে সদ্য কেটে নেওয়া অনেক সেগুন গাছের গোড়ালী দেখা যায়।
রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হককে তার কার্যালয়ে পাওয়া যায়নি।
প্লান্টেশন মালি ধনঞ্জয় চাকমা ও ফরেস্ট গার্ড মিন্টু জানান, রেঞ্জ কর্মকর্তাসহ অন্যরা জেলা শহরে আছেন।
রুমার সেংগুম মৌজা হেডম্যানের ছোট ভাই রুমা বাসস্ট্যান্ডের লাইনম্যান লুপ্রু মারমা অভিযোগ করেন, রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হক বান্দরবান জেলা শহরে থাকেন। তিনি কাঠ পাচারকারী চক্রের সঙ্গে সখ্যতা গড়ে সরকারি সেগুন বাগান উজাড়ের সুযোগ করে দিচ্ছেন।
“২০০৭ সালে আমি রুমা সরকারি বাগান থেকে সেগুন গাছ চুরির প্রতিবাদ করলে মিথ্যা মামলায় তিনমাস জেল খাটতে হয়েছে।”
পরে দীর্ঘদিন মামলা করে তিনি অভিযোগ থেকে খালাস পান বলে জানান।
এখনও রেঞ্জ কর্মতর্কা এমদাদুল হকের সহায়তায় রুমা রেঞ্জের সরকারি বাগান থেকে চুরি করে সেগুন গাছ কাটা হচ্ছে বলে দাবি করেন লুপ্রু মারমা।
স্থানীয় বাগান পাড়ার বাসিন্দা দাঅংসে মারমা বলেন, নিয়মিত রুমা রেঞ্জের সেগুন বাগান উজাড় চলছে। এ কাজে টাকার বিনিময়ে সহায়তা করেছে বনকর্মীরা।
ডলুপাড়া প্রধান উসাচিং কারবারি বলেন, কাঠ পাচারকারী চক্রের সঙ্গে সখ্যতা রয়েছে বন কর্মকর্তা-কর্মচারীদের। এ সুযোগ ও কিছু বৈধ জোত পারমিটের কাগজ দেখিয়ে অবাধে কাঠ পাচার করেছে তারা।
রুমা রেঞ্জে ফরেস্ট গার্ড মিন্টু দে বলেন, “আমরা সতর্ক আছি। গত তিন মাসে রুমা রেঞ্জের সরকারি বাগান থেকে চুরি করে কাটার সময় ১৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে।”
রুমা রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হককে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিভাগীয় বনকর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রুমার রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ইতোমধ্যে তাকে বদলির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
