২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চড়া’ সুদের সমালোচনায় আশরাফ

ব্যাংক ঋণের ‘চড়া’ সুদ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 11:28 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

বিনিয়োগে ভাটার কথা স্বীকার করে এজন্য ব্যাংক সুদ হারকে দুষছেন তিনি।

শনিবার কিশোরগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনার সূত্র ধরে সৈয়দ আশরাফ বলেন, “যেমন বাংলাদেশ ব্যাংক ইজ সাফারিং ফ্রম জন্ডিস, অর্থমন্ত্রীসহ অর্থ মন্ত্রণালয় ইজ সাফারিং ফ্রম জন্ডিস। তাদের কোনো আউটলুকই নেই।”

বিশ্বের বিভিন্ন দেশে ২, ৩, ৫ শতাংশ সুদে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করার কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের দেশেই শুধু একটা ব্যতিক্রম।”

বর্তমানে বাংলাদেশে শিল্পখাতে ঋণের জন্য ১২ থেকে ১৭ শতাংশ পর্যন্ত সুদ নিয়ে থাকে ব্যাংকগুলো। সুদ হার কমানোর জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ী-উদ্যোক্তারা।

জনপ্রশাসনমন্ত্রী আশরাফ বলেন, দেশের স্বার্থে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের জন্য সরকার সব সময় ব্যবসায়ীদের উৎসাহিত করে। তারপরেও বর্তমানে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কমে যাচ্ছে।

“অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও জ্ঞানের অভাব রয়েছে এবং এ দুর্বলতাই বিনিয়োগ কমে যাওয়ার প্রধান কারণ।”

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।