২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে দুই কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ

বিরোধের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের দুই অনুসারীকে পিটিয়েছে সভাপতি মিজানুর রহমান রানার অনুসারীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 07:32 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

শনিবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা ফজলুল হক হলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ছাত্রলীগ কর্মী এস এম সাজ্জাদ হোসাইন ও অনিক মাহমুদ বনি।

বনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন খালিদ হাসান বিপ্লব।

এ ঘটনার প্রতিবাদে বিনোদপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে বনির বন্ধুরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব বিরোধের জেরে শনিবার বেলা ৩টার দিকে শের-ই বাংলার হলের সামনে বিপ্লবের অনুসারী সাজ্জাদের সঙ্গে ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান (বহিষ্কৃত), সহসভাপতি আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মাহবুবুর রহমান পলাশসহ সভাপতি পক্ষের নেতাকর্মীদের কথা কাটাকটি হয়।

এক পর্যায়ে সাজ্জাদকে মারধর শুরু করে সভাপতি পক্ষ।

এ সময় বাধা দিতে গেলে সাজ্জাদের সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মী সাকিবুল হাসান বাকীকেও মারধর করেন তারা। সাজ্জাদ ও বাকী সেখান থেকে চলে গেলে সেখানে থাকা বনিকে মারধর করেন তারা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুরর হমান ও শের-ই-বাংলা ফজলুল হক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অনেক নেতাকর্মীকে দেশিয় অস্ত্র নিয়ে হলগুলোতে মহড়াও দিতেও দেখা গেছে।

সাকিবুল হাসান বাকি বলেন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসান রেজা তার খালাতো বোনদের নিয়ে ক্যাম্পাসে বেড়াতে এসেছিল। তার কাছে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, সহসভাপতি মেহেদীসহ কয়েকজন চাঁদা দাবি করে।

“বিষয়টি হাসান রেজা আমাকে জানালে আমি সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে আমাদের মারধর করে।” 

সহসভাপতি আতিকুর রহমান বলেন, “আমরা ওকে কোনো ধরনের মারধর করিনি। দলের জুনিয়র ছেলেদের সঙ্গে ওর ঝামেলা হয়েছে। ওরাই মারধর করেছে।

“বরং আমরা ঘটনাস্থলে গিয়ে বনিকে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে গিয়েছি।”

এ বিষয়ে জানতে যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, সহসভাপতি মেহেদীকে বারবার ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি।

তবে সভাপতি মিজানুর রহমান রানা বলেন, “কর্মীদের মধ্যে গালাগালির একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বসে আমরা তা ঠিক করে দেব।”

“বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আমরা বিষয়টি নিয়ে বসবো।”

নগরীর মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারিতে বনি নামের এক ছাত্রলীগকর্মী আহত হয়েছে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর বিনোদপুর এলাকার বাসিন্দা বনির বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইটে ঢাকা-রাজশাহী সড়ক অবরোধ করে।পরে মিছিল করে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে অবরোধ তুলে নেয় বলে জানান তিনি।