‘গত বছর তিন হাজার খেজুর গাছ লাগানো হয় মাগুরায়’
হারিয়ে যাচ্ছে মাগুরার ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড়-পাটালি। হারিয়ে যাচ্ছে ‘গাছি’ নামের পেশাটিও। তবে পরিকল্পিতভাবে খেজুর গাছ লাগানো শুরু হয়েছে বলে মাগুরা কৃষি বিভাগ জানিয়েছে।
সদর উপজেলা কৃষি অফিসার সুব্রত চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঐতিহ্য ধরে রাখার জন্য খেজুর গাছ লাগানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মাগুরায় গত বছর প্রায় তিন হাজার খেজুর গাছ লাগানো হয়।”
এ বছরও কৃষি বিভাগের পক্ষ থেকে খেজুর গাছ লাগানো হবে বলে তিনি জানান।
বিভিন্ন গ্রামে সরজমিনে ঘুরে খেজুর গাছ বিলীন হবার চিত্র দেখা গেছে। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন খেজুর গাছ কেটে যারা রস বের করেন সেই গাছিরা।
“বাড়ির কাছে ইটভাটা হওয়ায় প্রায় সব গাছ মরে গেছে। যে পাঁচ-ছয়টি বেঁচে আছে তাতে তেমন রস হয় না।”
এ কারণে তিনি এখন শহরে গিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন বলে জানান।
শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের গাছি বারেক সাইজি ৪০ বছর ধরে খেজুর গাছ কাটছেন।
“একসময় মাগুরায় অসংখ্য খেজুর গাছ ছিল। সে সময় পালা করে প্রায় ৬০০ খেজুর গাছ কাটতাম। দেশের বিভিন্ন জেলার মানুষ মাগুরায় এসে আমার কাছ থেকে গুড়-পাটালি নিয়ে যেত। শুধু দেশে নয়, বিদেশেও এর ব্যাপক কদর ছিল।
“এলাকার মানুষ শহরে ও বিদেশে বসবাসকারী আত্মীয়-স্বজনের কাছে গুড়-পাটালি কিনে পাঠাত।”
বারেক এ বছর মাত্র ৪০টি গাছ কাটছেন বলে আফসোস করলেন।
একই এলাকার গাছি আলেক মোল্লা ও মোহন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ইটভাটাগুলোয় জ্বালানি হিসেবে উচ্চমূল্য বিক্রি হচ্ছে খেজুর গাছের গুড়ি।
“এ কারণে জেলায় ক্রমশ কমে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা।”
তবে কৃষিবিদ সুব্রত চক্রবর্তী ঐতিহ্য ফিরে আসার ব্যাপারে আশাবাদী।
“জমির আল, রাস্তার দুপাশ ও বাড়ির আঙ্গিনায় খেজুর গাছ লাগানোর কার্যক্রম সফল করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে এবং কৃষি বিভাগও সক্রিয় রয়েছে।”
