২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ী ২ ভাইকে ছিনতাইকারীদের গুলি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইকারীদের গুলিতে ফার্নিচার ব্যবসায়ী দুই ভাই গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 01:52 AM

Updated : 20 Aug 2022, 11:36 AM

ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা লুটে নিয়েছে বলে এক আত্মীয় দাবি করলেও পুলিশ অস্বীকার করেছে।  

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে পৌনে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটি গুলশান রোড এলাকার এ ঘটনার পর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা চার ছিনতাইকারীর মধ্যে দুইজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। তাদের কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ হান্নান ওরফে লিটন (৩৩) ও মিলন (৩০) পঞ্চবটি গুলশান রোড এলাকার আবুল হোসেনের ছেলে।

তাদের চাচাতো মোফাজ্জল হোসেন বলেন, পঞ্চবটি গুলশান রোড এলাকার বাসার পাশেই লিটন ও মিলনের আল মদিনা ফার্নিচারের দোকান।

“রাতে দোকান থেকে চটের ব্যাগে ৩৫ লাখ টাকা নিয়ে রিকশায় বাসার গেইটের সামনে নামার সময় চার ছিনতাইকারী অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে।

“টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে লিটন ও মিলন বাধা দিলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। মিলনের বুকের দুই পাশেই গুলি লাগে; লিটনের লাগে পেটের ডান পাশে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা পাঠায়।”

তিনি দাবি করেন, ছিনতাইকারীরা লিটন ও মিলনের সঙ্গে ৩৫ টাকা লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

তবে ছিনতাইকারীরা টাকা নিতে পারেনি দাবি করে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারীদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”