২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ গ্রহণের পর বগুড়ার ২ কাউন্সিলর গ্রেপ্তার

শপথ নিয়ে বাড়ি ফেরার সময় বগুড়া পৌরসভার দুই কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 03:15 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

বগুড়া গোয়েন্দা পুলিশের এসআই খোকন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা থাকায় বগুড়া শহরের বাংলা স্কুল রোড থেকে শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য তৌহিদুর রহমান বিটু এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু।

গ্রেপ্তারের পর তাদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে এসআই খোকন জানান।

অপরদিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা বলেন, বিএনপির নেতাদের ‘উদ্দেশ্যমূলকভাবে’ গ্রেপ্তার করা হচ্ছে। এটা অন্যায় এবং বেআইনি।

‘গ্রেপ্তারের ভয়ে শান্তাহারের মেয়র তোফাজ্জাল হোসেন ভুট্টু শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি’ বলে অভিযোগ করেন জানে আলম।

তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন।

শুক্রবার বেলা ১১টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলার ৯টি ও নওগাঁ জেলার ২টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বগুড়া ও নওগাঁ জেলার ১১ মেয়রের মধ্যে ১০ জন, ৩৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের সবাই এবং ১১১ সাধারণ কাউন্সিলরের মধ্যে ১১০ জন শপথ নেন।

শপথ অনুষ্ঠানে আসেননি শান্তাহারের মেয়র তোফাজ্জাল হোসেন ভুট্টু এবং বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিফার আল বখতিয়ার, যিনি কারাগারে রয়েছেন।

বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনওয়ার হোসেন, বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জাহিদ হাসান, র‌্যাব-১২-এর অধিনায়ক মেজর আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ।