টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুজার আল জাহিদ বলেন, ইজিবাইকে করে ইয়াবা পাচারের খবর পেয়ে বিজিবির লেদা সীমান্ত তল্লাশি চৌকির (বিওপি) সদস্যরা অভিযান চালায়।
মুচনী থেকে লেদা অভিমুখী একটি ইজিবাইককে থামানোর সংকেত দেওয়া হলে পাচারকারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার দাম ১ কোটি ২০ লাখ টাকা বলে তার ধারণা।
