ছাত্রদল নেতা জিলু হত্যা: অভিযোগপত্রে নারাজি
সিলেটে বহুল আলোচিত ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যা মামলার অভিযোগপত্রে নারাজি দিয়েছেন মামলার বাদী।
মামলার প্রধান আসামি মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুব কাদির শাহীসহ ১২ জনকে বাদ দেওয়ায় নিহত জিলুর ভাই আহমেদ আহসান মাহবুব নারাজি আবেদন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতে আইনজীবীদের মাধ্যমে বাদী তার আইনজীবী ফজলুল হক সেলিম, মোতাহির আলী, মোহাম্মদ জুয়েল ও তাহমিনা তাবাসসুম আদালতে আংশিক নারাজির আবেদনটি করেন।
এতে উল্লেখ করা হয়, সব আলামত ও তথ্যপ্রমাণ থাকার পরও তদন্তকারী কর্মকর্তা উদ্দেশ্যমূলকভাবে প্রধান আসামি শাহীসহ ছাত্রদল কর্মী জয়নাল আবদীন, মো. সাদিক, গাজী লিটন, সালেহ আহমদ, নেছার আলম শামীম, কাউসার আহমদ, নাসির আহমদ, খাইরুল ইসলাম, মনোয়ার হোসেন মঞ্জু, রায়হান খান বাবলা ও হেলাল আহমদকে বাদ দিয়েছেন।
বাদী ন্যায় বিচারের স্বার্থে সব আসামিদের অভিযোগ আমলে নেওয়ার আদেশ কিংবা পিবিআই, ডিবি বা সিআইডির মাধ্যমে তদন্ত করার আদেশ প্রদানের আবেদন করেন।
গত বছরের ২৭ জুন নগরীর পাঠানটুলায় গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর সাবেক ছাত্রদল নেতা মাহবুব কাদির শাহীসহ ২০ নেতাকর্মীদের বিরুদ্ধে নিহতের বড় ভাই আহমেদ আহসান মাহবুব বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।
ঘটনার সময় স্থানীয় জনতার হাতে দুজন আটক ছাড়া মামলার পর কোন আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হত্যার দেড় বছর পর গত ৭ ডিসেম্বর বাদীকে না জানিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই কমর উদ্দিন। চার্জশিটে তিনি প্রধান আসামিসহ ১২ জনকে বাদ ছাড়াও নতুন করে ১১ জনকে অভিযুক্ত করেন।
নারাজি আবেদনের উপর শুনানির জন্য আদালতের বিচারক সাহেদুল করিম আগামী ১০ মার্চ তারিখ ধার্য্য করেছেন বলে আইনজীবী তাহমিনা তাবাসসুম জানিয়েছেন।
