সাভারে প্রিজনভ্যান দুর্ঘটনায় পুলিশসহ আহত ৫
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় একটি প্রিজনভ্যান রাস্তার পাশে নেমে গেলে দুই পুলিশ কনস্টেবল ও তিন আসামি আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ডেইরী ফার্ম গেইটে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।
আহত প্রিজনভ্যানের চালক কনস্টেবল মো. আসলাম ও কনস্টেবল জয়নালকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আসামিদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ওসি মহসিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়া থানা থেকে বিভিন্ন মামলার আসামিদের নিয়ে প্রিজনভ্যানটি ঢাকার আদালতে যাচ্ছিল।
“পথে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি রাস্তার পাশের ঢালু জায়গায় নেমে যায়।”
দুর্ঘটনাকবলিত প্রিজনভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
