খুলনায় নালায় বস্তাবন্দি লাশ
খুলনা নগরীর খানজাহান আলী রোডে একটি নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের পাশের নালায় লাশটি পাওয়া যায় বলে সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান।
নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। পরনে শার্ট-প্যান্ট রয়েছে; তবে পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের মুখ থেঁতলানো, লাশটি ফুলে উঠেছে। সম্ভবত অন্য কোথাও হত্যা করে লাশ বস্তায় ভরে এই নালায় ফেলে গেছে খুনিরা।
লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
