পাবনায় শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
বুধবার সন্ধ্যা থেকে তারা পুনরায় কাজে যোগ দিয়েছেন বলে আন্দোলনকারী চিকিৎসক আবু তোরাব মিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
হামলাকারী রোগীর স্বজনদের ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ দেওয়ায় তিন দিন পর তারা কর্মসূচি প্রত্যাহার করে নিলেন।
আবু তোরাব মিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা সাড়ে ৪ টায় হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের নিয়ে সমঝোতা বৈঠকে ওই রোগীর স্বজনরা ক্ষমা চাওয়ায় ও ক্ষতিপূরণ দেওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সকালে এক রোগীর মৃত্যুর পর তার স্বজনরা এক শিক্ষানবিশ চিকিৎসককে লাঞ্ছিত করলে এই কর্মবিরতি শুরু করে তারা।
