২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জোড়া খুন: আরও দুই জন রিমান্ডে

সিলেটের খাদিমনগর বিসিক শিল্প নগরীতে বিস্কুট কারখানার দুই কর্মচারীকে হত্যায় গ্রেপ্তার আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 07:20 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

বুধবার দুপুরে সিলেট মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দীকী তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. নফিজুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামি রায়হান আহমদ ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করে।

এর আগে মঙ্গলবার পংকি মিয়া, রকি আহমদ ও জামাল আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে রিমান্ডে পায় পুলিশ।

গত শুক্রবার সন্ধ্যায় খাদিমনগর বিসিক শিল্প নগরীর বনফুল ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরির কর্মচারী রাজু মিয়া ও তাপু মিয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। আহত হন রাসেল আহমদ নামে আরেকজন।

এ ঘটনায় শুক্রবার রাতেই রাজুর ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে ১০ জনকে আসামি করে শাহপরান থানায় মামলা করেন। মামলায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।