২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মেয়র ও ২ নারী কাউন্সিলর গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সদ্যনির্বাচিত মেয়র নজরুল ইসলাম ও সংরক্ষিত আসনের দুই নারী কাউন্সিলরকে নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 06:12 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়র নজরুল বুধবার জেলা ও দায়রা জজ মো. এনামুল বারীর আদালতে আত্মসমর্পণ করে দুটি মামলায় জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাকে একটি মামলায় জামিন দিলেও অপর মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জেলা জামায়াতের আমির ও মেয়র নজরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা ও হত্যাসহ ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে দুই নারী কাউন্সিলর হলেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোসলেমা বেগম এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকেরা খাতুন।

সদর থানার ওসি ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে মোসলেমাকে মহাডাঙ্গা মহল্লা ও শাকেরাকে নামো শংকরবাটি সুন্দরপুর মহল্লার নিজ বাড়ি থেকে নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।

তবে কোন মামলায় তাদের আসামি করা হয়েছে তা জানাতে পারেননি ওসি।