২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেবা কুঠির পুরা চেরা পাল্টি দিছে’

ভূমি অফিসে সেবা নিতে গেলেই দালালের খপ্পরে পড়ে ঘুষ, হয়রানিতে অতিরিক্ত টাকা গচ্চা দিতে হবে- সাধারণের এই ধারণা পাল্টে দিচ্ছে ‘বদলে যাওয়া’ সিলেট সদর উপজেলার ভূমি অফিস।

মঞ্জুর আহমদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 06:30 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

দ্রুততার সঙ্গে ভূমি সংক্রান্ত সেবা দিতে এই কার্যালয়ে চালু করা হয়েছে ‘সেবা কুটির’। সিলেটের আঞ্চলিক উচ্চারণে এই ‘সেবা কুঠিরই’ রয়েছে পরিবর্তনের মূলে। 

ভূমি কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলে ভোগান্তি ছাড়াই এ কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত ‘সুবিধা’ পাচ্ছেন সেবাগ্রহীতারা। ঘুষ আর হয়রানি ছাড়াই সেখানে সেবা পাওয়া যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানালেন। 

সোমবার দুপুরে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেবা নিতে আসা অনেকের সমস্যার কথা শুনছেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সুহেল মাহমুদ।

তিনি জানান, গত অক্টোবরে চালু হওয়ার পর থেকে ‘সেবা কুটিরে’ প্রতিদিন সকাল ১০টা থেকে দুই ঘণ্টা শ’খানেক মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের নির্দেশনা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

Image
সেবা কুটিরে পরামর্শ দান

সেবা কুটিরে পরামর্শ দান

Image
উপজেলা ভূমি অফিস

উপজেলা ভূমি অফিস

“যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য, তার পথ বাতলে দিই। আর কোনো সেবা যদি এ কার্যালয়ের এখতিয়ার বর্হিভূত হয়, তাহলে সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়।”

ভূমি অফিসের আরও অনেক কাজেই পরিবর্তন আনা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

“সেবা রেজিস্ট্রার চালু করা হয়েছে। এছাড়া হালনাগাদ সিটিজেন চার্টার, কর্মবণ্টন তালিকা, নামজারি ও বিবিধ মোকদ্দমার কার্যতালিকা, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয়পত্র ব্যবহার, নথি ও রেজিস্ট্রার বিন্যাস এবং নামজারি ফ্লো-চার্ট টাঙানো হয়েছে।”

রেকর্ড রুমে সংরক্ষিত রেজিস্ট্রার ও ফাইল পুনর্বিন্যস্ত করে ট্যাগ সাঁটিয়ে দেওয়ায় এখন তথ্য পেতে পাঁচ মিনিটের বেশি সময় লাগছে না, যেখানে আগে রেকর্ড ফাইল খুঁজতেই দিনের পার দিন পর হয়ে যেত।

কর্মকর্তারা জানালেন, এই অফিসের রের্কড রুমে ১ লাখ ৯৩ হাজার ৬১৯টি নামজারি মোকদ্দমা ও পাঁচ হাজার ১২০টি বিবিধ মোকদ্দমার নথি, ৮৮টি রেজিস্ট্রার, ৬০টি বিবিধ রেজিস্ট্রার ও ফাইল রয়েছে।

Image
নামজারি ফ্লো-চার্ট

নামজারি ফ্লো-চার্ট

Image
সহকারী কমিশনার মোহাম্মদ সুহেল মাহমুদ

সহকারী কমিশনার মোহাম্মদ সুহেল মাহমুদ

ভূমি অফিসে বসানো দুটি বোর্ডে নামজারি মামলা ও প্রতিদিনের কার্যতালিকা দেখানো হচ্ছে, যেখান থেকে সেবা গ্রহীতারা মামলার শুনানি ও নিষ্পত্তির তারিখ এবং সর্বশেষ অবস্থা জানতে পারছেন।

এসব পরিবর্তন দেখে সেবা গ্রহীতারাও খুশি।

নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা এনাম আহমদ বলেন, “আগে ইখানো আইলে দালালরা ঝাপটাঝাপটি করত। শুরু হইত টানাটানি। এখন চেরা পুরা পাল্টি গ্যাছে। দালাল নাই, সেবা কুঠির চালু হই যাওয়ায় সকল কাজ জলদি হই যায়।”

আগে নথির নকল তুলতে দিনের পর দিন ঘুরতে হলেও এখন ‘কয়েক মিনিটের মধ্যেই’ পাওয়া যায় বলে জানান তিনি।

একই কথা বলেন কোম্পানীগঞ্জের বাঘজুড় গ্রামের মইনুল ইসলাম ও সুনামগঞ্জের আব্দুল কুদ্দুস।

তারা জানান, বছরখানেক আগেও নামজারি মামলা নিষ্পত্তিতে মাসের পর মাস সময় লাগত। আর এখন ওই সময় ১০-১৫ দিনে নেমে এসেছে।

উপজেলা ভূমি কর্মকর্তা সুহেল মাহমুদ জানান, সেবার পরিধি তারা আরও বাড়াতে চান। এজন্য ভ্রাম্যমাণ নামজারি ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আওতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

“প্রতি মাসে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের অধীনে থাকা কমপক্ষে পাঁচটি নামজারি মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।”

পাশাপাশি ডিজিটাল ল্যান্ড সফটওয়্যার তৈরির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, “এ সফটওয়্যারে মানচিত্রসহ ভূমি মালিকের সব তথ্য থাকবে। তখন অনলাইনেই মালিকরা তাদের ভূমির তথ্য জানতে পারবেন।”