পাবনা মেডিকেলে কর্মবিরতি দ্বিতীয় দিনে, ভোগান্তি
এক চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতি চলছে।
তাদের এ কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা।
মঙ্গলবার সকালে হাসপাতালের মূল ফটকে অবস্থান নিয়ে শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতি পালন করতে দেখা যায়।
আন্দোলনরত চিকিৎসক জোহরা বেগম বলেন, “হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সকালে এক রোগীর মৃত্যুর পর এক শিক্ষানবিস চিকিৎসককে স্বজনরা লাঞ্ছিত করলে চিকিৎমকদের এই কর্মবিরতি শুর হয়।
মঙ্গলবার সকালে অসুস্থ বাবাকে নিয়ে পাবনা মেডিকেলে এসে পরিস্থিতি দেখে ফিরে যান পৈলানপুরের বাসিন্দা আহমেদ হুমায়ুন কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এমনিতেই আমার বাবার অবস্থা ভাল না, তারপর এখানে চিকিৎসকদের আন্দোলন চলছে। বাধ্য হয়ে এখন ঢাকায় যাচ্ছি।”
সুজানগর থেকে আসা রাসেল বলেন, “চিকিৎসকদের উপর হামলার জন্য তারা আন্দোলন করছেন ভাল কথা, কিন্তু আমাদের সেবা না দিয়ে কেন এ ধরনের আন্দোলন?”
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নারায়ণ চন্দ্র দে বলেন, “সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। আশা করি শিগগিরই সমস্যার সমাধান করা সম্ভব হবে।”
