২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র ও পুলিশের সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে চড় দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 12:13 AM

Updated : 12 Apr 2022, 01:12 AM

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত কয়েক দফায় শহরের টিএ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্র মোবাইল ফোনসেট কেনার জন্য জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমে যান।

“এ সময় দাম নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে দোকানদার ওই ছাত্রকে থাপড় দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর মাদ্রাসার প্রায় অর্ধশত ছাত্র দোকানে ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ছাত্রদের সঙ্গে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়।”

এ সময় তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হন বলে জানান এএসপি।

আহতদের মধ্যে পুলিশ সদস্য রাজীব চন্দ্র দাসকে (২৫) ঢাকায় পাঠানো হয়েছে।

অন্য কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি এবং কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এএসপি।

সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন পয়েন্টে ৩০-৩৫টি ককেটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বলেও জানান এএসপি।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমএ মাসুদ সাংবাদিকদের জানিয়েছেন, নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ ব্যাপারে এখনও থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।