২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটের ভেতরে ইয়াবা বহন করতে গিয়ে মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পেটের ভেতরে রেখে ইয়াবা পাচার করতে গিয়ে বিষক্রিয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 01:14 AM

Updated : 20 Aug 2022, 11:33 AM

মৃত্যুর শিকার ইসমাইল বাঘাইয়া (১৮) কচুবনিয়া এলাকার গুরা মিয়ার ছেলে।

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের সময় ইসমাইলের পেটের ভেতর কনডমে মোড়ানো ইয়াবার পাঁচটি পোঁটলা পাওয়া যায়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুলতান আহমদ সিরাজী জানান, ইয়াবার বিষক্রিয়ায় ইসমাইলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে সেখানে কতগুলো ইয়াবা রয়েছে তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

এলাকার লোকজনের বরাত দিয়ে ওসি বলেন, “পাচারকারীদের প্রলোভনে পড়ে শনিবার বিকেলে কনডমে মোড়ানো পোঁটলাগুলো গিলে ফেলে টেকনাফ থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন ইসমাইল।

“পথে পেটেব্যথা শুরু হলে হ্নীলা স্টেশনে নেমে বোনের বাড়ি যান। সন্ধ্যার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। রোববার দুপুরে পুলিশের উপস্থিতিতে ময়নাতদন্তের সময় তার পেটে পোঁটলাগুলো পাওয়া যায়।’’

লাশ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় ইয়াবা পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।