২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির অপবাদ দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

গাইবান্ধা সদর উপজেলায় চুরির অপবাদ দিয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 06:00 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

দগ্ধ তহমিনা (১৮) গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার কচুয়া খামার গ্রামের তছলিম উদ্দিনের মেয়ে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম রব্বানী বলেন, “তহমিনার বুক, পেট ও যৌনাঙ্গসহ শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যেকোনো মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা দরকার।”

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও শনিবার রাতে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা নেতৃবৃন্দ ঘটনা সাংবাদিকদের জানায়।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তহমিনার স্বামী আইনুল হক।

বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ বলেন, মেয়েটি অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে শনিবার হাসপাতালে যাই। পরে ঘটনাটি পুলিশকে জানালে গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান সেখানে গিয়ে আইনগত ব্যবস্থা নেন।

ওসি একেএম মেহেদী হাসান বলেন, শনিবার রাতে তহমিনার বাবা তসলিম উদ্দিন বাদী হয়ে আইনুলসহ তিন জনকে আসামি করে মামলা করেছেন। আইনুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করেছে।

তছলিম উদ্দিন বলেন, প্রায় এক বছর আগে প্রেম করে প্রতিবেশী গোলজার রহমানের ছেলে আইনুল হককে (২৪)  বিয়ে করে তহমিনা। গত ৬ জানুয়ারি শ্বশুড়বাড়ির লোকজন তার বিরুদ্ধে টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ এনে তাকে গালিগালাজ করলে ওই দিন বাড়িতে চলে আসে সে।

“শুক্রবার সন্ধ্যায় এসব নিয়ে আইনুলের সঙ্গে মোবাইল ফোনে কথাকাটি হয় তার। কিছুক্ষণ পর আইনুল তার ঘরে ঢুকে মুখ চেপে ধরে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।”

তহমিনার চিৎকারে ছুটে গিয়ে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান বলে জানান তছলিম উদ্দিন।