কিশোরগঞ্জ স্টেডিয়ামে খালেদার নামফলক ভাংচুর
আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আগে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের উদ্বোধন ফলক ভেঙে ফেলা হয়েছে, যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ছিল।
স্টেডিয়ামের পিয়ন ও নৈশ প্রহরীর দায়িত্বে থাকা মোস্তফা মিয়া বলেন, “শুক্রবার বেলা ২টার দিকে খাবার খেতে স্টেডিয়ামের পাশে বাড়িতে যাই। এসে ফলকটিকে ভাঙ্গা অবস্থায় দেখতে পাই।
“তবে কে বা কারা ভাংচুর করেছে জানি না।”
টুর্নামেন্টের প্রস্তুতির জন্য স্টেডিয়ামের ফটক খোলা ছিল বলে জানান তিনি।
জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আয়োজনে এ স্টেডিয়ামে আগামী ১৬ জানুয়ারি থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জন প্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
২০০৬ সালের ৫ অক্টোবর কিশোরগঞ্জ আধুনিক স্টেডিয়াম নামে এটির উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে সাত একর জমির উপর স্টেডিয়ামটি নির্মিত হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নাম বদলে সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম করে।
এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়কের দায়িত্বে থাকা জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ বলেন, ভাংচুরের ঘটনা জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
